সাভারে পরকীয়ার সন্দেহে স্ত্রী হত্যা: বগুড়া থেকে স্বামী গ্রেপ্তার
পুণ্ড্রকথা ডেস্ক
ঢাকার সাভারে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী মো. মাজাহারুল হক বিপ্লবকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার বগুড়ার সোনাতলা উপজেলা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, সাভার মডেল থানাধীন তেতুলঝোড়া এলাকায় সংঘটিত এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রধান আসামি বিপ্লবকে গ্রেপ্তারের র্যাব-৪ ও র্যাব-১২ যৌথভাবে অভিযান চালায়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার থেকে জানা গেছে, ভিকটিম সাদিয়া আক্তার টুম্পার সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে বিপ্লবের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে গত ফেব্রুয়ারি মাসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর টুম্পা পরিবারের অজান্তে স্বামীর সঙ্গে সাভারের একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
গত ১৩ মার্চ রাতে বাসার মালিক ঘরের বাইরে তালা ঝুলতে দেখলেও ভেতরে লাইট ও ফ্যান চালু থাকতে দেখে সন্দেহ করেন। জানালা দিয়ে উঁকি দিয়ে টুম্পাকে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পান। পরে ডাকাডাকিতে সাড়া না পেয়ে ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় টুম্পার ভাই বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লব স্বীকার করেন, বিয়ের কিছুদিন পর থেকেই তিনি স্ত্রীর ওপর পরকীয়ার সন্দেহ করতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ হতো। ঘটনার দিন তিনি স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাসার বাইরে তালা লাগিয়ে পালিয়ে যান।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব