বগুড়া পৌর নির্বাহী কর্মকর্তাকে তামাকের কুফল বিষয়ক লিফলেট প্রদান
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় সাধারণ মানুষের মাঝে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে বগুড়া পৌরসভা ও মেরী সমাজ কল্যাণ সংস্থা।
ধূমপান ও তামাকমুক্ত পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে বগুড়া পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপনের হাতে তামাকবিরোধী লিফলেট, পোস্টার ও স্টিকার তুলে দেন মেরী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মেহেরুন নেছা মেরী।
এ সময় শাহজাহান আলম রিপন বলেন, তামাকজাত দ্রব্য ব্যবহার জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তামাকজনিত রোগে দেশে প্রতিবছর লক্ষাধিক মানুষের মৃত্যু হচ্ছে এবং অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করছে। বিশেষ করে যুবসমাজের মধ্যে ধূমপানের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে তামাক নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগ ও কার্যকর নীতিমালা বাস্তবায়ন জরুরি।
মেহেরুন নেছা বলেন, বাংলাদেশে প্রতিবছর তামাক ব্যবহারের কারণে লক্ষাধিক মানুষের মৃত্যু হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষায়, বিশেষ করে শিশু-কিশোর ও নারীদের অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাকবিরোধী সম্মিলিত সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। তামাকমুক্ত সমাজ গড়তে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং তামাক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করতে হবে।
উল্লেখ্য, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন আইএসআইটিসি-২ প্রকল্পের আওতায় বাৎসরিক পরিকল্পনায় অবহিতকরণ, পয়েন্ট নির্ধারণ, চিহ্নিতকরণ, পোস্টার লাগানো, জরিপ, মানববন্ধন, লিফলেট বিতরণ, উঠান বৈঠক, বিলবোর্ড স্থাপন, মোবাইল কোর্ট পরিচালনা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিবেদন প্রচার-প্রচারণাসহ নানা কার্যক্রমে সহযোগিতা করছে বগুড়া পৌরসভা ও মেরী সমাজ কল্যাণ সংস্থা।