বগুড়ায় নির্ধারিত দামের বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ডিলারকে জরিমানা
স্টাফ রিপোর্টার
বগুড়ায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) শহরের ঠনঠনিয়া ও গোহাইল রোডের সি অ্যান্ড বি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
অভিযানে ফেরদৌস ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে দেখা যায়, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। অধিদপ্তর জানায়, গত ২ এপ্রিল সরকার নতুন মূল্য নির্ধারণের আগে কেনা সিলিন্ডারও ১ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হচ্ছিল, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন।
এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে জেলা পুলিশের একটি দল সহায়তা করে।