বগুড়ায় ৩০ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল আইস উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ ১৪:১৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৫০ বার।

বগুড়ায় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে শহরের সদর থানার পিটিআই মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন- কক্সবাজার জেলার চরকিয়া থানার পূর্ব কৈয়ারবিল এলাকার বাসিন্দা মো. আইয়ুর আলী (৩৫)।

 

বুধবার দুপুর একটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার। 

 

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে সড়কপথে আইস নিয়ে এক মাদক ব্যবসায়ী বগুড়ার দিকে আসছেন। এ তথ্যের ভিত্তিতে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে পিটিআই মোড়ের রেড চিলি হোটেলের সামনে অবস্থান নেয় ডিবির একটি দল।

পরে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর পরিহিত পায়জামার ডান পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো তিনটি প্লাস্টিকের কৌটা উদ্ধার করা হয়। কৌটাগুলোর ভেতরে সাদা দানাদার পদার্থ পাওয়া যায়, যা ক্রিস্টাল মেথ বা আইস হিসেবে শনাক্ত করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

 

 

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।