বগুড়ায় স্বামীর হত্যার বিচার চেয়ে মানববন্ধনে সালমার আহাজারি
স্টাফ রিপোর্টার
বগুড়া শহরের ফতেহ আলী বাজারে সমিতির নির্বাচনকে কেন্দ্র করে খুন হওয়া ব্যবসায়ী আলাল শেখের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার শহরের সাতমাথায় ‘সচেতন বগুড়াবাসী’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে স্বামীর হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে কাঁদতে থাকেন নিহতের স্ত্রী সালমা বেগম। এ সময় পরিবারের অন্য সদস্যরাও তাঁদের অসহায়ত্বের কথা তুলে ধরেন।
বক্তারা অভিযোগ করেন, গত ২৮ মার্চ ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন আলাল শেখ। সেদিন সকালে ভোট দিতে বের হওয়ার পর বাজার এলাকা থেকে তাঁকে তুলে নিয়ে যায় একদল সশস্ত্র ব্যক্তি। পরে শহরের সেউজগাড়ি ডাবতলা এলাকায় নিয়ে গিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়।
পরিবারের দাবি, হামলাকারীরা হাতুড়ি দিয়ে তাঁর হাত-পা ভেঙে দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ এপ্রিল ভোরে তাঁর মৃত্যু হয়।
স্বজনদের অভিযোগ, ঘটনার সিসিটিভি ফুটেজে হামলাকারীদের দেখা গেলেও এখনো তাঁদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
তাঁরা বলেন, এ ঘটনায় অভিযুক্ত কয়েকজন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা না নেওয়ারও অভিযোগ তোলা হয়।
মানববন্ধন থেকে দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।