বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজের প্রাথমিক ও মাধ্যমিক শাখার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজের প্রাথমিক ও মাধ্যমিক শাখার অভিভাবক সমাবেশ শনিবার পলবেসরা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক বিকাশ ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আয়োজিত এ সমাবেশে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজ জেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। কোলাহলমুক্ত ও মনোরম পরিবেশে অবস্থিত এই প্রতিষ্ঠানটি সুপ্রশস্ত খেলার মাঠ, আধুনিক কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ গ্রন্থাগার এবং সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থাসহ শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করে আসছে। বরাবরের মতোই শিক্ষার্থীদের ঈর্ষণীয় ফলাফল প্রতিষ্ঠানটির সুনাম আরও বৃদ্ধি করেছে।
সমাবেশে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী বলেন, অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের পড়ালেখা ও নৈতিক আচরণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একজন শিক্ষার্থীকে সঠিকভাবে গড়ে তুলতে বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, অতিরিক্ত মোবাইল ফোনে আসক্তি তাদের পড়াশোনায় বিঘ্ন সৃষ্টি করছে এবং ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলছে। এ জন্য অভিভাবকদের সন্তানদের মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ এবং তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত অভিভাবকরা তাদের সন্তানের নৈতিক ও শিক্ষাগত উন্নয়নে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক পারভীন আকতার, ডে শিফট ইনচার্জ প্রভাষক রাশেদুল বারী, সহকারী শিক্ষক মার্গারেট বন্দনা দাস জুৃঁই, ছবি বিশ্বাসসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।