বগুড়ায় স্বামীর পর স্ত্রীর আত্মহত্যা
শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে স্বামীর মৃত্যুর শোক ও পারিবারিক কলহের জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে রত্না রানী সরকার (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৬ মে) রাতে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নিহত রত্না রানী শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত রতন সরকারের স্ত্রী এবং দুলাল চন্দ্র সরকারের মেয়ে।
জানা গেছে, রত্না রানীর সঙ্গে তাঁর স্বামী রতন সরকারের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এই দাম্পত্য কলহের জেরে গত এপ্রিল মাসে তাঁর স্বামী রতন সরকারও বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বামীর এই আকস্মিক মৃত্যুর পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন রত্না।
এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে রত্না রানী নিজের ঘরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। টের পেয়ে পরিবারের লোকজন তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় গাংনগর বাজারে নিয়ে যান। পরে সেখানে তাঁর অবস্থার অবনতি হলে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সারোয়ার পারভেজ বলেন, ঘটনাস্থলে আমার অফিসার গিয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।