বগুড়ায় বিধবা নারীর জমির ধান লুট, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ মে ২০২৬ ২০:৩৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় এক বিধবা নারীর আবাদি জমির পাকা ধান কেটে লুট করার অভিযোগ উঠেছে। সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের নিনাইল এলাকায় এ ঘটনা ঘটেছে। প্রাণনাশের হুমকি ও ধান কেটে লুট করার ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। জমি নিয়ে বিরোধ কেন্দ্র করে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে।

 

বুধবার (২৭ মে) বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করেন ষাটোর্ধ বিধবা খুকি বালা। তিনি এরুলিয়া ইউনিয়নের নিনাইল মহল্লার মৃত রাখাল চন্দ্র সরকারের স্ত্রী। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী।

 

প্রতিপক্ষ চারজনের নাম উল্লেখ করে সুবিচারের জন্য থানা পুলিশের শরণাপন্ন হন ভুক্তভোগী বিধবা। বিবাদীরা হলেন- এরুলিয়া ইউনিয়নের নিনাইল মহল্লার মৃত নরেন্দ্র চন্দ্রের ছেলে সুরেশ চন্দ্র সরকার, তার ভাই নরোত্তম সরকার, সুরেশ চন্দ্রের স্ত্রী বিশাখা রানী ও ছেলে বিলাশ চন্দ্র সরকার। 

 

অভিযোগের বিবরণে বলা হয়, এরুলিয়া মৌজার ১৮ শতক জমি স্বামীর ওয়ারিশ সূত্রে পেয়েছেন বিধবা খুকি বালা। প্রতিপক্ষ সুরেশ চন্দ্রের পরিবারের সঙ্গে এই সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। জমি দখল করার ভয়ভীতি দেখানোসহ বিধবার পরিবারের লোকজনকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। এনিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা (২৭/২০২৬) দায়ের করেন খুকি বালা। গত মঙ্গলবার সকালে বিধবার আবাদি জমির ধান কেটে লুট করে প্রতিপক্ষ সুরেশ চন্দ্রের পরিবারের লোকজন। বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্তদের মন্তব্য পাওয়া যায়নি। 

 

ভুক্তভোগী খুকি বালা বলেন, স্বামীর ওয়ারিশ সূত্রে পাওয়া প্রায় ১৮ শতক জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করি। জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে বিবাদীরা। আদালতে মামলা করায় তারা আরও ক্ষুব্ধ। মঙ্গলবার জমির ধান কেটে লুট করে নিয়ে গেছে। নিরুপায় হয়ে পুলিশের শরণাপন্ন হয়েছি। 

 

এ প্রসঙ্গে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, এরুলিয়া এলাকায় এক হিন্দু বিধবা মহিলার জমি সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।