হাতিয়াগাড়ী বেগম ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী
স্টাফ রিপোর্টার
বগুড়ার হাতিয়াগাড়ী বেগম ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজনে প্রায় এক হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।
সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা, ব্যাচভিত্তিক ফটোসেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনভর বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন ইংল্যান্ডপ্রবাসী শিক্ষাবিদ ও উদ্যোক্তা ড. আর টি আরেফিন খান। বক্তব্যে তিনি বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের দেশ ও সমাজের উন্নয়নে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এই মিলনমেলা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং বিদ্যালয়ের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুর মোহাম্মদ। এ ছাড়া বিশিষ্ট চিকিৎসক ডা. এনামুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্মৃতিচারণ, আড্ডা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়।