বগুড়ায় জাম পাড়তে গাছে উঠে ডাল ভেঙে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ মে ২০২৬ ১৯:১১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৮ বার।

বগুড়ার শেরপুরে জাম পাড়তে গাছে উঠে ডাল ভেঙে পড়ে নাজমুল হোসেন (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নাজমুল হোসেন ওই গ্রামের কৃষক ইদ্রিস আলীর ছেলে। তিনি স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

 

 

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির সামনে সড়কের পাশে থাকা একটি জামগাছে পাকা জাম পাড়তে ওঠে নাজমুল। একপর্যায়ে গাছের উঁচু একটি ডালে অবস্থান করার সময় ডালটি ভেঙে যায়। এতে সে নিচে পড়ে গুরুতর আহত হয়। পড়ে যাওয়ার পর তার কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।

 

পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করতে এগিয়ে যান। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান তাঁরা।

 

 

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী বলেন, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হবে।