বগুড়ায় প্লাস্টিকের সুতা তৈরির মেশিনে প্রাণ গেল শ্রমিকের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ জুন ২০২৬ ১৮:৩৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৩২ বার।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় প্লাস্টিকের সুতা তৈরির কারখানায় রোলার মেশিনে পেঁচিয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আলিফ হোসেন (১৭) দিনাজপুরের বিরল উপজেলার উত্তর দোগাছী গ্রামের গুলজার হোসেনের ছেলে। 

 

শনিবার দিবাগত রাতে দুপচাঁচিয়া মেসার্স নর্থ বেঙ্গল প্লাস্টিক ব্যাগ ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর শ্রমিক হিসেবে প্লাস্টিকের সুতা তৈরির রোলার মেশিনে কাজ করত। এ তথ্য নিশ্চিত করেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান। 

 

প্রত্যক্ষাদর্শী ও পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার আগে ফ্যাক্টরিতে প্লাস্টিকের সুতা তৈরির রোলার মেশিনে কাজ করছিল আলিফ। অসাবধানতায় মেশিনের সঙ্গে জড়িয়ে যায়। তার মাথায় গুরুতর আঘাত লাগে। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।