গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন: নওগাঁর মহাদেবপুর বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুন ২০২৬ ১৯:১৬ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁর মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেয়ার জেরে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাতুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডলসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৩ জুন) নির্যাতিতা গৃহবধূ মহিষবাথান সরদারপাড়া গ্রামের আহাদ আলীর স্ত্রী হাসিনা বানু বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আব্দুল মতিন মন্ডল, তার শ্যালক, শ্যালকের স্ত্রীসহ ছয় জনকে আসামী করা হয়। তবে পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

মামলায় অভিযোগ করা হয় যে, আসামীদের সাথে জমিজমা সংক্রান্ত বিষয়ে হাসিনা বানুর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) হাসিনা বানু উপজেলার গাহলী বাজারে আব্দুল মতিনের বিরুদ্ধে জমি দখল, মারপিট প্রভৃতি বিষয়ে আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য দেন। এরই জের ধরে শুক্রবার সকালে আসামীরা তার বাড়িতে গিয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তাকে ও তার স্বামীকে মারপিট করে। পরে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বাড়ির পাশে একটি ডাব গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে সারা শরীরে ও শরীরের নিম্নাংশে মরিচের গুড়ো মাখিয়ে দেয়। সেখানে আব্দুল মতিন মন্ডল দুই লক্ষ টাকা চাঁদি দাবি করে। হাসিনার মেয়ে থানায় এসে এর প্রতিকার চাইলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে বন্দি দশা থেকে উদ্ধার করে তাকে ও তার স্বামীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়।

নিয়ে প্রতিদিনের বাংলাদেশসহ সামাজিক যোগাযোগ ও বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা ও নেতাকর্মীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, “এ ঘটনায় আসমীদের বিরুদ্ধে ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩৮৫/৫০৬/৩৪ ধারায় একটি মামলা এন্ট্রি করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”