বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
স্টাফ রিপোর্টার
বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণিল আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচকে কেন্দ্র করে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।
বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে সমর্থকরা করোনেশন ইন্সটিটিউশন অ্যান্ড কলেজ মাঠে জড়ো হন। পরে সেখান থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকদের অনেকেই মুখে আর্জেন্টিনার পতাকা আঁকেন, কেউ জার্সি পরেন, আবার কেউ হাতে পতাকা নিয়ে যোগ দেন। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী সমর্থকদের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।
সমর্থকরা জানান, প্রিয় দলের প্রতি ভালোবাসা এবং আসন্ন ম্যাচগুলোতে সাফল্যের প্রত্যাশায় এ আয়োজন করা হয়েছে। শোভাযাত্রা চলাকালে স্থানীয় পথচারীরাও দৃশ্য উপভোগ করেন।
পরে কলেজ মাঠে আর্জেন্টিনার জয়ের আনন্দে মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক সুজিত জয়সোয়াল বলেন, ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। তাদের খেলা নান্দনিক লাগে। আশা করি এবারও দলটি ভালো করবে।