বগুড়ায় চাকরি মেলা অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন ১১৯ জন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ জুন ২০২৬ ২০:৪৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৬ বার।

যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং চাকরিপ্রত্যাশীদের সাথে নিয়োগদাতা প্রতিষ্ঠানের কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে টিএমএসএস-রেইজ প্রকল্পের আওতায় বগুড়ায় চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সদরের ঠেঙ্গামারাস্থ টিএমএসএস বিনোদন জগৎ-এ এই মেলা অনুষ্ঠিত হয়। 

 

দিনব্যাপী এ চাকরি মেলায় চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণী, শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ও বিভিন্ন চাকরি প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। কর্মসংস্থানের নতুন সুযোগের সন্ধানে আগত অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন, জীবনবৃত্তান্ত (সিভি) জমা এবং সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ লাভ করেন।

 

মেলায় ১৮টি স্বনামধন্য নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চাকরিপ্রার্থীদের জন্য ছিল অন-স্পট ইন্টারভিউ, লাইভ সিভি রিভিউ, ক্যারিয়ার কাউন্সেলিং, দক্ষতা উন্নয়ন বিষয়ক পরামর্শ এবং চাকরির বাজার সম্পর্কিত তথ্যসেবা। ফলে অংশগ্রহণকারীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা উপস্থাপনের পাশাপাশি কর্মজীবন গঠনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জ্যোতি বিকাশ চন্দ্র। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান, টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি বগুড়ার অধ্যক্ষ প্রকৌশলী এস এম ইমদাদুল হক, রেইজ প্রকল্প প্রোগ্রাম ম্যানেজার পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন মোঃ ফারুক হোসেন, টিএমএসএস পরিচালক আতিকুর রহমান প্রমুখ। গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান। এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ, টিএমএসএস উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আয়োজকরা জানান, দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষতা ও কর্মসংস্থানের মূলধারায় যুক্ত করতে টিএমএসএস-রেইজ প্রকল্প বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিক প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য উদ্যোগ, চাকুরী মেলা যা চাকরিপ্রত্যাশী এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করেছে। 

 

উল্লেখ্য, মেলায় সাতশত এর অধিক সিভি জমা পড়ে এবং একশত উনিশ চাকরিপ্রত্যাশীকে অন-স্পট ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি প্রদান করা হয়। বাকি প্রার্থীদের যোগ্যতা যাচাই শেষে পর্যায়ক্রমে চাকরির সুযোগ দেওয়া হবে।