বগুড়ায় পুকুরে ফুটবল আনতে নেমে প্রাণ গেল শিশুর
স্টাফ রিপোর্টার
বগুড়া সারিয়াকান্দিতে পুকুরের পানি থেকে ফুটবল আনতে গিয়ে তুষার মিয়া (৯) নামের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের চান্দিনা নোয়ারপাড়া গ্রাম এ ধরনের ঘটনা ঘটেছে। তুষার এ গ্রামের রিপন মিয়ার ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সকালে তুষারের বাড়ির লোকজন কাজের জন্য বাড়ির পাশে গিয়েছিল। তুষার তার বাড়ির পাশের একটি পুকুরের ধারে একা একাই ফুটবল খেলছিল। একসময় তার ফুটবল পুকুরের পানিতে পরে যায়। তুষার ফুটবল ধরার জন্য পুকুরের পানিতে নামে। একসময় সে ফুটবল ধরতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। পরে সে পানিতে ভেসে উঠে। এরপর বিষয়টি স্থানীয় এলাকাবাসীর নজরে আসলে তারা পুকুর থেকে তুষারকে তুলে নিয়ে এসে পেট থেকে পানি বের করার চেষ্টা করে। পরে তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তুষারের মা দিপালি বেগম বলেন, আমার ছেলেকে বাড়িতে রেখে আমি আমাদের মাঠের জমিতে কাজ করতে গিয়েছিলাম। লোকজনের চিৎকার শুনে বাড়িতে এসে দেখি আমার ছেলে পানিতে পরেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই আমার ছেলে আমাকে ছেড়ে পরপারে চলে গেছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমাদের সারিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।