শাহ ফতেহ আলী পরিবহনের কাউন্টার খুলতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, নইলে কোচ চলাচল বন্ধের হুঁশিয়ারি
স্টাফ রিপোর্টার
ঢাকার মহাখালী বাস টার্মিনালে শাহ ফতেহ আলী পরিবহনের প্রধান কাউন্টার খুলে দেওয়ার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন পরিবহনটির শ্রমিক ও কর্মচারীরা।
দাবি পূরণ না হলে ঢাকা-মহাখালী থেকে বগুড়া-নওগাঁ রুটে চলাচলকারী একতা পরিবহনসহ সংশ্লিষ্ট কোচ চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শাহ ফতেহ আলী পরিবহনের শ্রমিক ও কর্মচারীদের প্রতিনিধিরা।
লিখিত বক্তব্যে শ্রমিক নেতা মো. আরিফ সরকার টিয়া বলেন, গত ৭ মে কোনো যৌক্তিক কারণ ছাড়াই মহাখালীতে শাহ ফতেহ আলী পরিবহনের প্রধান কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। এতে উত্তরবঙ্গের হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি পরিবহনটির সঙ্গে যুক্ত প্রায় সাড়ে চার হাজার শ্রমিক ও কর্মচারী কর্মহীন হয়ে অর্থনৈতিক সংকটে পড়েছেন।
তিনি বলেন, কাউন্টার চালুর দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে।
আরিফ সরকার টিয়া জানান, গত ১২ মে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মধ্যস্থতায় ঢাকা মহাখালী বাস মালিক সমিতি, একতা পরিবহনের মালিকপক্ষ এবং বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের মধ্যে বৈঠক হয়। সেখানে ঈদুল আজহার ১৫ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কাউন্টার চালুর বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে শ্রমিকরা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, অবিলম্বে শাহ ফতেহ আলী পরিবহনের কাউন্টার চালু, মহাখালী বাস মালিক সমিতির একক সিদ্ধান্ত বাতিল করে সব পরিবহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, শ্রমিকদের হয়রানি ও লাঞ্ছনা বন্ধ করা এবং সব পরিবহনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
শ্রমিকরা বলেন, তারা কোনো বিশৃঙ্খলা চান না, যাত্রীসেবা অব্যাহত রেখেই কাজ করতে চান। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলনে নামবেন। প্রয়োজনে একতা পরিবহনের কোচ চলাচলও বন্ধ করে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে পরিবহন শ্রমিক মো. ফিরোজ, শ্রী কার্তিকসহ শাহ ফতেহ আলী পরিবহনের শ্রমিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।