বগুড়াসহ পাঁচ জেলার উন্নয়ন নিয়ে দিনভর কর্মশালা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ ১৭:৫৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে দিনব্যাপী কর্মশালা হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শুক্রবার বগুড়া শহরতলির পাঁচ তারকা মমইন হোটেল রিসোর্ট কনভেনশন সেন্টারে এ কর্মশালার আয়োজন করে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা। এতে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ চিকিৎসক সি এম ইদ্রিস।

কর্মশালায় পাঁচ জেলার সংসদ সদস্য, সরকারি কলেজের শিক্ষক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কৃষিবিদ, ব্যবসায়ী ও পরিবহন খাতের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা নিজ নিজ জেলার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।

সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহা. হাছানাত আলী, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক সৈয়দ মইনুল হাসান সাদিক, বগুড়ার সিভিল সার্জন খুরশীদ আলম এবং টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম। স্বাগত বক্তব্য দেন সংস্থার উপদেষ্টা মশিউর রহমান।

রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার উন্নয়নমূলক কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উত্তর জনপদের অবহেলিত জেলাগুলোকে উন্নয়নের ধারায় যুক্ত করতে হবে। পাঁচ জেলাকে সমন্বিত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।

বক্তারা বলেন, এ অঞ্চলের প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে বাস্তবভিত্তিক উদ্যোগ নিতে হবে। কর্মশালায় পাঁচ জেলার জন্য পৃথক পাঁচটি গ্রুপ গঠন করে সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করা হয়। এসব আলোচনা ও সুপারিশের ভিত্তিতে করণীয় প্রস্তাবনা সংসদ সদস্যদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

কর্মশালায় সংস্থার উপদেষ্টা আনোয়ারুল কবির দুলাল, জ্যেষ্ঠ সহসভাপতি কে এম রাজিউল্লা, কর্মশালা আয়োজক কমিটির আহ্বায়ক মতিউর রহমান, জুলফিকার আলী ভুট্টোসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।