বগুড়ার পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ক সেমিনার

প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৬ ১৯:০১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ক্যারিয়ার প্ল্যানিং ফর বিজনেস গ্রাজুয়েট: বাংলাদেশ পার্সপেক্টিভ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

 

এতে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর ড. আব্দুল হামিদ।

 

তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবসায় প্রশাসনের স্নাতকদের জন্য ক্যারিয়ার পরিকল্পনার বিভিন্ন দিক, বর্তমান চাকরির বাজার, দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষা, উদ্যোক্তা হওয়ার সুযোগ এবং পেশাগত জীবনে সফলতার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।  

আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মো. আবু হানিফ এর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন পিইউবি’র উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বিওটি’র ভাইস চেয়ারম্যান ডা. মো. মতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ (ডেজিগনেট) প্রফেসর মুহাম্মদ মুনজুর মুরশিদুল আবেদীন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. শহীদুর রহমান এবং পরিচালক (অর্থ) মো. আফসার আলী এফসিএমএ।

 

সেমিনারে বক্তারা বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক ও দেশীয় চাকরির বাজারের চাহিদা বিবেচনায় ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, প্রযুক্তিগত দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন করতে হবে। সুপরিকল্পিত ক্যারিয়ার গঠন এবং সময়োপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।

 

 

সেমিনারের মাধ্যমে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সঠিক দিকনির্দেশনা প্রদান এবং পেশাগত জীবনের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।