হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা, বগুড়ায় চাষি-ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ
স্টাফ রিপোর্টার
আলু চাষী ও ব্যবসায়ীদের দাবীর মুখে হিমাগারে আলু সংরক্ষনে ভাড়া প্রতি কেজি ৬ টাকা নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় মিষ্টি বিতরণ করেছেন আলু ভেল্যু চেইন প্রমোশনাল বডি কেন্দ্রিয় কমিটি।
শনিবার বেলা ১২ টায় বগুড়া শহরের সাতমাথায় আলু চাষী, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এসময় সংগঠনের সভাপতি সামিউল ইসলাম বলেন, বর্তমানে হিমাগার কর্তৃপক্ষ আলু সংরক্ষণের ক্ষেত্রে প্রতি কেজি ভাড়া হিসেবে সর্বোচ্চ ৬ টাকা ৭৫ পয়সা আদায় করছে যা অযৌক্তিক। হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণে আমরা আন্দোলন করেছি। সরকার আমাদের দাবী যৌক্তিক মনে করেছে তাই প্রতি কেজি ৬ টাকা নির্ধারণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, কৃষি মন্ত্রী সহ কৃষি বিপণন অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানাই। অবিলম্বে সরকার নির্ধারিত ভাড়া বাস্তবায়ন করার দাবি জানান তিনি।
মিষ্টি বিতরণকালে কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ রুহুল আমিন, সুশান্ত বর্মন, সোহরাব হোসেন রাতুল, রংপুর জেলা প্রতিনিধি মুক্তার হোসেন, দিনাজপুর জেলার কৃষক কেচো মানিক, নীলফামারীর রোকনুজ্জামান রিপন, সহ আলু চাষী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
কৃষি বিপনন অধিদপ্তর বগুড়া মাঠ ও বাজার পরিদর্শক আবু তাহের জানান, কৃষি বিপণন অধিদপ্তর ৩১ আগষ্ট ৬ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে, ডিসেম্বর পর্যন্ত এই ভাড়া কার্যকর থাকবে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোর্শেদ আল মাহমুদ সহ কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। শনিবার বিভিন্ন হিমাগারে জেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়েছে।