বগুড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
বগুড়ার ধুনটে মশাল মিছিল করে ককটেল বিস্ফোরণের অভিযোগে করা নাশকতার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে ধুনট শহরের জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের রঞ্জু মন্ডলের ছেলে ও উপজেলা ছাত্রলীগের মানবসম্পদবিষয়ক সম্পাদক শিপন (২৬) এবং একই এলাকার ইউসুফ হারুন সুলতানের ছেলে ও পৌর আওয়ামী লীগের সক্রিয় সদস্য আব্দুল্লাহ আল হারুন বাবু (৩৬)।
সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাতে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতি গ্রামের তিনমাথা পাকা সড়কে মশাল মিছিল করেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
এ ঘটনায় গত বছরের ১০ ডিসেম্বর রাতে গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ বাদী হয়ে ধুনট থানায় নাশকতার মামলা করেন। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, শিপন ও আব্দুল্লাহ আল হারুন বাবুর নাম মামলার এজাহারে ছিল না। অজ্ঞাতনামা আসামি হিসেবে তদন্তে তাঁদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলায় নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।