বগুড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বগুড়ার ধুনটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ফরহাদ হোসেন (৪১) নামে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার সদরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফরহাদ হোসেন সদরপাড়া এলাকার হাজী আব্দুর রহমানের ছেলে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সদরপাড়া এলাকায় ফরহাদ হোসেন মাদক বিক্রির জন্য অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশের দাবি, ফরহাদ হোসেন একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা, হেরোইন, গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে এলাকায় বিক্রি করে আসছিলেন। এর আগে বিভিন্ন সময় মাদকসহ তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, জামিনে মুক্তি পাওয়ার পর ফরহাদ পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে ধুনট থানায় সাতটির বেশি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় ফরহাদ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে তাকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ফরহাদ হোসেনকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।