নতুন চার বিষয়ে মাস্টার্স পাচ্ছে সরকারি শাহ সুলতান কলেজ
স্টাফ রিপোর্টার
বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজে নতুন চারটি বিষয়ে মাস্টার্স শেষ পর্ব চালুর উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিষয়গুলো হলো হিসাববিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, দর্শন এবং উদ্ভিদবিজ্ঞান। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এসব বিষয়ে অধিভুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ বরাবর পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কমিটির ৯৪তম সভার সুপারিশ এবং একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের পরিপ্রেক্ষিতে চারটি বিষয়ে অধিভুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য কলেজ কর্তৃপক্ষকে প্রতিটি বিষয়ের বিপরীতে ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অধিভুক্তি ফি জমা দিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি-সংক্রান্ত সংশোধিত রেগুলেশন-২০১৯ এবং অর্থ কমিটির ৮৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, সোনালী সেবার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এ অর্থ জমা দিতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত ফি জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হওয়ার পর অধিভুক্তি দেওয়ার বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি শাহ সুলতান কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মকুল রহমান জানান, হিসাববিজ্ঞান বিভাগসহ চারটি বিষয়ে মাস্টার্স চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। ফি জমা দেওয়ার চিঠি পেয়েছি আমরা।