স্থানীয় নির্বাচনে বিশৃঙ্খলা করলে বিএনপির নেতা-কর্মীরাও ছাড় পাবেন না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ২০:৪৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪ বার।

স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, নির্বাচনে কেউ হট্টগোল বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপির নেতা-কর্মীদেরও ছাড় দেওয়া হবে না। দলের সুনাম রক্ষায় প্রয়োজন হলে কঠোর অবস্থান নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের শোলাগাড়ি আদর্শ উচ্চবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চান তিনি।

 

মীর শাহে আলম বলেন, জনগণ তাঁদের পছন্দের প্রার্থীকে অবাধে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনে দলীয় পরিচয়ের কারণে কেউ বিশেষ সুবিধা পাবেন না। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হবে।

 

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সব অঞ্চলে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোনো নির্দিষ্ট এলাকা নয়, দেশের প্রতিটি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন সরকারের লক্ষ্য। এর অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় উন্নয়ন কার্যক্রম চলছে। শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও স্থানীয় অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করা হচ্ছে।

 

দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জিয়াউর রহমানের পরিবারের অবদানের কথা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, দেশের বিভিন্ন সংকট ও সম্ভাবনার সময়ে জিয়া পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করা হচ্ছে।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।