বগুড়ায় স্কুল ব্যাগে ৩ হাজার ইয়াবা, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
বগুড়ায় স্কুল ব্যাগের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের সময় মো. ইশরার হোসেন পাপ্পু (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাঁর ব্যাগ থেকে ৩ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে ঢাকা-রংপুর মহাসড়কে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইশরার হোসেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার গোলাহাট এলাকার মৃত আজগার আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি জানতে পারে, ঢাকা থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবার একটি বড় চালান উত্তরবঙ্গে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি দল মহাসড়কের ওই এলাকায় অবস্থান নেয়। পরে ঢাকা থেকে সৈয়দপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে তল্লাশি চালানো হয়।
এ সময় বাসের টিকিটবিহীন যাত্রী ইশরার হোসেন পাপ্পুর দেহ ও স্কুল ব্যাগ তল্লাশি করা হয়। তাঁর নেভি-ব্লু রঙের স্কুল ব্যাগের ভেতরে থাকা ১৫টি পলিপ্যাকেট থেকে ৩ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৩০০ গ্রাম। এ সময় তাঁর কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মুঠোফোনও জব্দ করা হয়।
ডিএনসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইশরার হোসেন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি কক্সবাজার ও ঢাকা থেকে মাদক সংগ্রহ করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।