ধানের পর পতিত জমিতে সরিষা-ভুট্টার আবাদ, কৃষিচিত্র বদলে দিচ্ছে মুনলাইট

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ ২০:৩৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪ বার।

একসময় ধান কাটার পর মাসের পর মাস পতিত পড়ে থাকত কৃষিজমি। সেই জমিতে এখন চাষ হচ্ছে সরিষা, কোথাও মাথা উঁচু করে দাঁড়াচ্ছে ভুট্টার গাছ। যে জমি একসময় অলস পড়ে থাকত, সেই জমিই এখন কৃষকের বাড়তি আয়ের উৎস। শুধু আয়ই নয়, নিজেদের উৎপাদিত সরিষা থেকে সারা বছরের ভোজ্য তেলের চাহিদাও মেটাচ্ছেন অনেকে। মাত্র তিন বছরের ব্যবধানে বদলে গেছে বগুড়ার গাবতলী উপজেলার কয়েকটি গ্রামের কৃষিচিত্র। আর এই পরিবর্তনের পেছনে ভ‚মিকা রাখছে বেসরকারি মানবিক সংস্থা মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির কৃষি উদ্যোগ।

বগুড়ার গাবতলী উপজেলার বালিয়া দীঘি ইউনিয়নের সুবোধ বাজার, তল্লা তল্লা, কলাকোপাসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে এখন ধান কাটার পর মধ্যবর্তী ফসল হিসেবে চাষ হচ্ছে সরিষা ও ভুট্টা। আগে যে জমিতে পরবর্তী মৌসুমের অপেক্ষায় সময় কাটত, এখন সেখানে একের পর এক ফসল ফলাচ্ছেন কৃষকরা। একই জমিতে বছরে তিন ফসল চাষের সুযোগ তৈরি হওয়ায় কৃষকদের মুখে ফিরছে স্বস্তির হাসি।

 

স্থানীয় কৃষক রনি মিয়া জানান, আগে পরিবারের ভোজ্য তেলের জন্য বাজার থেকে সয়াবিন তেল কিনতে হতো। এখন নিজের জমিতে সরিষা চাষ করেন। সেই সরিষা থেকে তেল তৈরি করে সারা বছরের চাহিদা মেটাতে পারছেন। এতে একদিকে পরিবারের তেলের খরচ বাঁচছে, অন্যদিকে উৎপাদিত সরিষা বিক্রি করেও বাড়তি আয় করার সুযোগ তৈরি হচ্ছে। তাঁর কাছে সরিষা চাষ এখন শুধু একটি ফসল নয়, পরিবারের সাশ্রয় ও স্বনির্ভরতারও একটি পথ। স্থানীয় অন্য কৃষকরাও বলছেন, ধান কাটার পর জমি ফেলে না রেখে সরিষা ও ভুট্টা চাষ করায় একই জমি থেকে বাড়তি ফসল পাওয়া যাচ্ছে। ফলে জমির ব্যবহার বাড়ছে, কৃষকের আয়েও যোগ হচ্ছে নতুন সম্ভাবনা।

কৃষকদের এই পরিবর্তনের ধারাকে আরও এগিয়ে নিতে এবারও পাশে দাঁড়িয়েছে মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি। সংস্থাটির উদ্যোগে গতকাল সুবোধ বাজারে কৃষকদের মাঝে সরিষা ও ভুট্টার বীজ, ইউরিয়া, পটাশ ও জিপসাম সার এবং বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ।

বিশেষ অতিথি ছিলেন গাবতলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি বগুড়ার প্রেসিডেন্ট জান্নাতুল বাকিয়া হক।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ বলেন, কৃষকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষি উৎপাদন বাড়াতে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। ধান কাটার পর জমি পতিত না রেখে সরিষা ও ভুট্টাসহ বিভিন্ন ফসল চাষ করলে কৃষকরা বাড়তি লাভবান হতে পারবেন। এজন্য উন্নত জাতের বীজ, সুষম সার প্রয়োগ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি কৃষি বিভাগের পরামর্শ মেনে চাষাবাদ করার আহŸান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহিদুল ইসলাম সরিষা ও ভুট্টা চাষের আধুনিক পদ্ধতি, সারের সঠিক ব্যবহার এবং ফসলের পরিচর্যা বিষয়ে কৃষকদের পরামর্শ দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুনলাইটের শিক্ষক তানিয়া আক্তার। কৃষকদের পক্ষে বক্তব্য দেন রনি মিয়াসহ স্থানীয় কৃষকরা।

মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির প্রেসিডেন্ট জান্নাতুল বাকিয়া হকের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় কৃষক ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কৃষকের কাছে একটি সরিষার ক্ষেত এখন শুধু হলুদ ফুলের সৌন্দর্য নয়, এটি পরিবারের সারা বছরের তেলের জোগান, বাড়তি আয়ের নিশ্চয়তা এবং স্বাবলম্বী হওয়ার স্বপ্ন। পতিত জমিকে উৎপাদনের আওতায় এনে কৃষকের জীবনযাত্রায় এমন ইতিবাচক পরিবর্তন ঘটানোর লক্ষ্যেই কাজ করছে মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি।