বগুড়ার শেরপুরে সাবেক এমপির জলাশয় থেকে মাছ লুট
শেরপুর( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমানের মালিকানাধীন একটি জলাশয় থেকে মাছ লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪নভেম্বর) মধ্যরাতে জলাশয়টির নিরাপত্তার দায়িত্বে থাকা নাইট গার্ড মো. আয়নাল হককে অস্ত্রের মুখে জিম্মি করে এবং রশি দিয়ে বেঁধে রেখে মাছগুলো মারা হয়। এ সময় ওই নাইটগার্ডকে বেধড়ক মারধর করা হয়েছে। সেইসঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে প্রাণনাশ করা হবে মর্মে হুমকি দিয়ে ট্রাকে ভরে মাছ লুটে নিয়ে যায় তারা। লুট হওয়া মাছের পরিমান আনুমানিক ২০মণ। যার বাজারমূল্য ১২ লাখ টাকা বলে ভুক্তভোগীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই ঘটনায় রবিবার (১৫নভেম্বর) বিকেলে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দুলাগাড়ী এলাকায় অবস্থিত মোজাহার আলী কোল্ড স্টোরের নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন স্থানীয় বাসিন্দা আয়নাল হক। কোল্ড স্টোর ও সংলগ্ন জলাশয়টির মালিক আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান। প্রতিদিনের মতো গত ১৪নভেম্বর রাতে কোল্ড স্টোর ও জলাশয়ের নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন নৈশ্যপ্রহরী আয়নাল হক। কিন্তু ওই রাত অনুমার দুইটার দিকে দুবলাগাড়ী এলাকার আসাদুল ইসলামসহ ১২-১৪ জনের একটি সংঘবদ্ধ দল একটি পিকআপ ট্রাক নিয়ে সেখানে উপস্থিত হন। তাদের হাতে মাছ ধরার জাল, বাঁশের লাঠি, কাঠের বাটাম, লোহার রড, হাসুয়া ও রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। একপর্যায়ে দুর্বৃত্তরা কোল্ড স্টোরের প্রধান ফটক ভাঙচুর করেন। এ সময় বাধা দিতে গেলে নিরাপত্তাকর্মী আয়নাল হককে গাছের সঙ্গে বেধে বেধড়ক মারধর করা হয়। পরে জলাশয়ে থাকা বড় বড় বুলেট রুই-কাতলা মাছ জাল দিয়ে ধরে পিকআপে তুলে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ কারী আয়নাল হকে দাবি, দুর্বৃত্তরা জলাশয় থেকে আনুমানিক ২০ মণ মাছ লুট করে নিয়ে যায়। যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। রাতের আঁধারে সংঘবদ্ধভাবে এভাবে মাছ লুটের ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার পরপরই বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে পুলিশকে জানানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরবর্তীতে জাতীয় জরুরি পরিসেবা ৯৯৯নম্বরে যোগাযোগের মাধ্যমে শেরপুর থানা পুলিশকে অবগত করেন। পাশাপাশি কোল্ড স্টোরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকেও বিষয়টি জানান। এছাড়া এই ঘটনার সুষ্ঠু তদন্ত, লুট হওয়া মাছ উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জোর দাবিও জানিয়েছেন তিনি। তবে অভিযোগে উল্লেখ করা ব্যক্তির মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। ঘটনাটি সম্পর্কে বক্তব্য জানতে চাইলে শেরপুর থানার ওসি একরাম হোসাইন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, অভিযোগটি তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।