বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, চালক নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ ১৬:১০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৭ বার।

বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে অন্য আরেকটি ট্রাকের ধাক্কায় ওবায়দুল ইসলাম (২৭) নামের এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাজারের ২০০ গজ দক্ষিণে বগুড়া-নাটোর মহাসড়কের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

নিহত ওবায়দুল ইসলাম যশোর জেলার কেশবপুর উপজেলার পরচক্রা গ্রামের আজিবর মোড়লের ছেলে।

 

 

 

জানা গেছে, মঙ্গলবার ভোরে রংপুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক একই দিক থেকে আসা আরেকটি বালুবাহী ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির চালক ওবায়দুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় পথচারীরা নন্দীগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

 

কুন্দারহাট হাইওয়ে থানার এটিএসআই মো. আসলাম হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ বর্তমানে শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।