বগুড়ায় ৬৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ ১৬:১৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২৬৮ বার।

বগুড়ায় ব্যবসায়িক লেনদেনে ৬৬ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগে দায়ের করা মামলায় মো. সুজন আলী (৪৮) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে সিরাজগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সুজন আলী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর কাওয়াক গ্রামের আব্দুল করিম খানের ছেলে। তিনি শান্তা এন্টারপ্রাইজ- এর স্বত্বাধিকারী এবং বর্তমানে সিরাজগঞ্জ শহরের থানাপাড়া মিলন মোড় এলাকায় বসবাস করেন।

 

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বগুড়া সদর থানার ওই প্রতারণা মামলায় সোমবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জ সদর থানা এলাকা থেকে সুজন আলীকে গ্রেপ্তার করে বগুড়ায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আগের দুটি মামলায় এক বছর করে কারাদণ্ড এবং অন্য দুটি মামলায় ৮৬ লাখ টাকার অর্থদণ্ডের আদেশ রয়েছে।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বগুড়া শহরের ফতেহ আলী বাজারের মেসার্স রংপুর ট্রেডার্স -এর স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান অপুর সঙ্গে সরল বিশ্বাসে বাকিতে মসলার ব্যবসা শুরু করেন সুজন আলী। ২০২৪ সালের ১৭ মার্চ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বগুড়ার মালগুদাম লেন ও বাদুরতলা এলাকার নিউ বগুড়া ট্রান্সপোর্ট অ্যান্ড পার্সেল সার্ভিসসহ বিভিন্ন পরিবহনের মাধ্যমে সুজনকে ৪ কোটি ৫ লাখ ৩ হাজার ৫০০ টাকার মসলা পাঠানো হয়। ঢাকার ইমামগঞ্জ এলাকার ট্রান্সপোর্ট শাখা থেকে সুজনের ভাই ও মামলার অপর আসামি মো. সুমন আলী এসব পণ্য গ্রহণ করেন।

 

 

 

এজাহারে আরও উল্লেখ করা হয়, ওই লেনদেনের বিপরীতে ফেরত মসলা ও নগদ মিলিয়ে ৩ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার ১০০ টাকা পরিশোধ করা হলেও আসামিদের কাছে ৬৬ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা বকেয়া থেকে যায়। পাওনা টাকা পরিশোধের জন্য বারবার তাগাদা দেওয়া হলেও আসামিরা বিভিন্ন তালবাহানা শুরু করেন। একপর্যায়ে ২০২৪ সালের ২৯ আগস্ট সিরাজগঞ্জে গেলে এবং ২ সেপ্টেম্বর ফতেহ আলী মার্কেটে বাদীর ব্যবসাপ্রতিষ্ঠানে থাকাকালে মোবাইলের মাধ্যমে পাওনা টাকা দিতে সরাসরি অস্বীকৃতি জানান আসামিরা। পাশাপাশি তারা বাদীকে প্রাণনাশের হুমকি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালান। এ ঘটনায় মিজানুর রহমান বগুড়া সদর থানায় মামলা করেন।

 

ওসি ইকবাল বাহার আরো জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।