জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে প্রধানমন্ত্রীর হাত থেকে পদক পেলেন বগুড়ার খামারি সাইফুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ২০:০৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১ বার।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে গবাদিপশুর খামার ক্যাটাগরিতে জাতীয় প্রাণিসম্পদ পদক পেয়েছেন বগুড়ার গাবতলী পৌরসভার সাবেক মেয়র ও খামারি সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন।

 

সাইফুল ইসলাম গাবতলীর মেসার্স সায়মা এগ্রোর স্বত্বাধিকারী। প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পদক দেওয়া হয়।

 

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এ সপ্তাহের আয়োজন করেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে অবদানের জন্য আটটি ক্যাটাগরিতে ২৩ জনকে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ (স্বর্ণ ও রৌপ্য) দেওয়া হয়। এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

 

সাইফুল ইসলাম বগুড়া জেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক। তিনি একাধিকবার গাবতলী পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে কৃষি ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

 

প্রায় ১০ বছর আগে গাবতলীর গোড়দহ এলাকায় সায়মা এগ্রো ফার্ম গড়ে তোলেন সাইফুল ইসলাম। বর্তমানে খামারটিতে প্রায় ১০০টি গরু রয়েছে। এসব গরু থেকে প্রতিদিন তিন শতাধিক লিটার দুধ উৎপাদিত হয়। খামারটিতে কর্মসংস্থান হয়েছে বেশ কয়েকজন মানুষের।

 

পদক পাওয়ার প্রতিক্রিয়ায় সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের বগুড়ার কৃতী সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পদক পেয়েছি। এটি আমার জীবনের চিরস্মরণীয় হয়ে থাকবে। এই পদক আমাকে সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে।’ এ জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।