বগুড়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনি অফিসে আগুন, থানায় মামলা
স্টাফ রিপোর্টার
বগুড়ার শেরপুরে বিএনপির নির্বাচনি অস্থায়ী অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের কালসীমাটি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীরা প্রতিপক্ষ জামায়াত ইসলামীকে দায়ী করছেন। এ বিষয়ে থানায় ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল বাছেদ বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছেন।
রবিবার বিকালে শেরপুর থানার ওসি ইব্রাহীম আলী জানান, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগে জানা গেছে, বগুড়ার শেরপুরের গাড়িদহ ইউনিয়নের কালসীমাটি গ্রামে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনি প্রচারণার অস্থায়ী অফিস বসানো হয়েছে। শনিবার গভীর রাতে কে বা কারা ওই অফিসে আগুন দেয়। এতে কাপড় ও বিএনপি প্রার্থীর একটি ব্যানার পুড়ে যায়। আগুনে তাদের কমপক্ষে ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।