বগুড়ায় পারিবারিক কলহে মারধরে হাসপাতালে নারীর মৃত্যু: একই পরিবারের চারজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৬৮ বার।

বগুড়ায় পারিবারিক কলহের জেরে মারধরের ঘটনায় আহত মোছাঃ বেগম (৫৬) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মোছাঃ বেগম বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রামের আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী।

পুলিশ জানায়, মোছাঃ বেগমের ছেলে সাহেদের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বিষয়ে মনোমালিন্য হয়। গত ১৭ ফেব্রুয়ারি সকালে বিষয়টি মীমাংসার জন্য সাহেদের মামাতো ভাই রাশেদুল ইসলাম এগিয়ে আসেন। এ সময় সাহেদের সঙ্গে রাশেদুলের হাতাহাতি হয়।

পরে ঘটনার সমাধান করতে সাহেদের বাবা আব্দুল মান্নান মন্ডল ও মা মোছাঃ বেগম রাশেদুলের বাবা জিল্লার রহমানের বাড়িতে যান। সেখানে জিল্লার রহমান (৫৫), তার দুই ছেলে রাশেদুল ইসলাম (৩৫) ও আশিকুল (২৪) এবং স্ত্রী রাশেদা বেগম (৫০) মীমাংসার একপর্যায়ে মোছাঃ বেগমকে লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে অভিযুক্ত জিল্লার রহমান, তার দুই ছেলে রাশেদুল ইসলাম ও আশিকুল এবং স্ত্রী রাশেদা বেগমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।