চিকিৎসকদের সম্মানে এনডিএফ বগুড়ার ইফতার মাহফিল
প্রেস বিজ্ঞপ্তি
সোমবার বিকেলে বগুড়ার একটি চাইনিজ রেষ্টুরেন্টে ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ বগুড়া শাখা আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সংগঠনের সভাপতি ডা. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারন সম্পাদক ডা. মাহবুব রহমান সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেস্টা ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেস্টা ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বিশিস্ট সার্জন ডা. সলিমুল্লাহ, ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম নুর-ই সাদিদ, ডা. সিলিম রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, রমজানের শিক্ষা ধারণ করে মানবিক রাষ্ট্র গঠনে চিকিৎসকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাস আমাদের শেখায় কীভাবে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সততা, ন্যায় ও দায়িত্ববোধ প্রতিষ্ঠা করতে হয়। একজন চিকিৎসক শুধু রোগ নিরাময়কারী নন, তিনি সমাজের বিবেক। চিকিৎসকদের মানবিকতা, নৈতিকতা একটি আদর্শ রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি।
বিশেষ অতিথি আব্দুল মালেক বলেন, দেশ গঠনের সংগ্রামে চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যখাত শক্তিশালী না হলে একটি জাতি কখনোই উন্নত হতে পারে না। গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরের প্রান্তিক মানুষ পর্যন্ত সবার দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। আপনারা মানুষের স্বাস্থ্য নিরাপত্তা দেবার চেষ্টা করেন, তাই চিকিৎসা সেবাকে শুধু পেশা হিসেবে নয়, ইবাদত হিসেবে গ্রহণ করুন। রোগীর সাথে সদাচরণ, স্বচ্ছতা ও দায়িত্বশীল আচরণই হবে একজন চিকিৎসকের প্রকৃত পরিচয়।
মাহফিলে সংগঠনের সভাপতি ডা. রিয়াকত আলী বলেন, রমজান আমাদের আত্মসংযম ও মানবিকতার চর্চা শেখায়। একজন চিকিৎসক যখন রোগীর সেবা করেন, তখন তা কেবল পেশাগত দায়িত্ব নয়, এটি একটি নৈতিক ও মানবিক অঙ্গীকার। চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি আদর্শ স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। রমজানের মূল শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জন ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া। চিকিৎসক সমাজ যদি নৈতিকতার প্রশ্নে আপসহীন থাকে, তাহলে সমাজে দুর্নীতি ও অব্যবস্থাপনা অনেকাংশে কমে আসবে।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।