বগুড়া-৬ উপনির্বাচনের মাঠে ৮ প্লাটুন বিজিবি, টহল ও তল্লাশি জোরদার
স্টাফ রিপোর্টার
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন সামনে রেখে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে ২ এপ্রিল থেকে ৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
আজ সোমবার (৬ এপ্রিল) নির্বাচনী এলাকার বিভিন্ন ভোটকেন্দ্রে রেকি ও টহল চালাতে দেখা গেছে বিজিবি সদস্যদের। পাশাপাশি কে-৯ ইউনিটের প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে গুরুত্বপূর্ণ সড়ক ও স্পর্শকাতর এলাকায় যানবাহন তল্লাশি জোরদার করা হয়েছে।
টহলের সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তাদের দাবি, এসব পদক্ষেপের মাধ্যমে অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ, সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং ভোটারদের মধ্যে আস্থা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
বিজিবি জানায়, সিভিল প্রশাসনকে সহায়তা করতে তারা সার্বক্ষণিক মাঠে রয়েছে এবং নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।