নওগাঁর মান্দায় অনলাইন জুয়ায় জড়িত ১৫ যুবক গ্রেপ্তার; নগদ টাকা ও ডিভাইস জব্দ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬ ২২:০১ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

নওগাঁর মান্দাশ জেলা পুলিশ দুটি পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়ায় জড়িত ১৫ যুবককে গ্রেপ্তার করেছে। এসময় তাদের নিকট থেকে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন ও নগদ টাকাসহ জুয়ায় ব্যবহৃত বিপুল পরিমান সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। প্রথম অভিযানে রাত ১১টার দিকে উপজেলার কাশোপাড়া এলাকার সোহেল হোসেনের বাসায় তল্লাশি চালিয়ে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ ও পাঁচটি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার অপরাধে আটক করা হয় তিন যুবককে। আটকদের মধ্যে সোহেল হোসেন(২৪), সোহেল রানা(২০) ও রবিউল ইসলাম(১৯) নামে তিন যুবক রয়েছে।

এর কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ৩টার দিকে দিনবনিহাড়ি এলাকার ফজলুর রহমানের বাড়িতে আরেকটি অভিযান পরিচালনা করে মান্দা থানা পুলিশ। বাড়িটির কক্ষ ভাড়া নিয়ে কয়েকজন তরুণ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সেন্টার পরিচালনা করছিলেন। সেখানে কম্পিউটার ও ল্যাপটপ বসিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনকে গভীর রাতে জুয়ার সুযোগ দেওয়া হতো। অভিযানে ১২ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় ১৫টি মোবাইল ফোন, ১১টি কম্পিউটার, ১১টি মনিটর, ১১টি কিবোর্ড ও তিনটি ল্যাপটপ।

গ্রেফতাররা হলেন- আল আমিন (২৮), আল মামুন (২২), শাকিল বাবু (১৯), বদিউজ্জামান (২০), শাফায়েত রাব্বি (১৯), আরিফ হোসেন (৩০), মুশফিকুর রেজা (২২), রবিউল ইসলাম (২৬), নাইস বাবু (২৫), রোমান বাবু (২১), নাজমুল হোসেন (২৭) ও শাফায়েত (১৯)।

বিজ্ঞাপন

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একাধিক ধারায় মামলা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ ডলার লেনদেনের তথ্য পাওয়া যাচ্ছে। এরা মানি লন্ডারিংয়ের সঙ্গেও জড়িত বলে ধারণা করা হচ্ছে। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জেলাজুড়ে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।