বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালন করা হলো দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী। অগ্রযাত্রার চার বছর উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনাসভা, কেক কাটা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে তিনি বলেন, ১৭ বছরের বঞ্চিত বগুড়ার উন্নয়নকে এগিয়ে নিতে সাংবাদিককে এক জোট হয়ে লিখতে হবে। কারণ গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা উন্নয়ন বৈষম্যে শিকার হয়েছি। পিছিয়ে পড়েছিল বগুড়া। এজন্য এখন সময় এসেছে বগুড়ার সমস্যাগুলো চিহ্নিত করে তা পত্রিকার পাতায় তুলে ধরার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার সন্তান হলেও তিনি দেশের প্রধানমন্ত্রী। তাকে সারাদেশ দেখতে হয়। তবে বগুড়ার উন্নয়নের ব্যাপারে তিনি আন্তরিক। সরকারের বয়স মাত্র ৮ মাস। এরই মধ্যে বগুড়ায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু হয়েছে, বিমানবন্দরের কাজ চলমান আছে। বগুড়া- সিরাজগঞ্জের রেল লাইনের কাজ শিগগিরই শুরু হবে।
তিনি আরও বলেন, এখন আমরা বিভাগ চাই। বিভাগ আগেই হওয়ার কথা ছিল, কিন্ত স্বৈরাচারি হাসিনার সরকার সেই বিভাগ বগুড়া থেকে কেটে রংপুর নিয়ে গেছেন।
রেজাউল করিম বাদশা আরও বলেন, বগুড়ার ছিলিমপুরের নাসিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের চেষ্টা চলছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বগুড়া শহরের ম্যাক্স মোটেল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।
দৈনিক কালবেলার বগুড়া ব্যুরো প্রধান প্রদীপ মোহন্তের সভাপতিত্বে ও সাংবাদিক কবি এইচ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক কালবেলার মাল্টিমিডিয়া বিভাগের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মিলন।
অন্যান্যর মধ্য আরও বক্তব্য রাখেন, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মেহেরুল হাসান সুজন, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুর রউফ রুবেল, জাতীয় কবিতা মঞ্চের বগুড়া জেলা সভাপতি কবি ফাতেমা ইয়াসমিন।
অনুষ্ঠানে বগুড়ায় কর্মরত কালবেলার উপজেলা প্রতিনিধি মুনসুর রহমান তানসেন, এরশাদ আলী সানোয়ার, মাহমুদুল হাসান মনজু, আবদুর রাজ্জাক, রিমন আহম্মেদ বিকাশ, রিয়াজ মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মিগণ উপস্থিত ছিলেন। এর আগে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।