সংসদীয় কমিটিতে পাস হলো ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’।
বুধবার (১১ নভেম্বর) কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত তৃতীয় বৈঠকে বিলটি যাচাই-বাছাই সম্পন্ন করে সংসদ অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে কমিটি ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা করে। এরপর কমিটির সদস্যরা বিলটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই সম্পন্ন করেন এবং পরে তা জাতীয় সংসদের অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেন।
উক্ত বৈঠকে কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের এমপি, মো. মোশারফ হোসেন এমপি, শেখ মজিবুর রহমান ইকবাল এমপি, মো. রুহুল আমিন এমপি এবং মো. তাজউদ্দীন খান এমপি উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।
এছাড়া বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।