নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নন্দীগ্রাম( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ ০৯:৪৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৮ বার।

বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের দিক থেকে আসা একটি সাদা রঙের মাইক্রোবাস থেকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় একটি ককটেল নিক্ষেপ করা হয়। উপস্থিত লোকজন কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি দ্রুত বগুড়ার দিকে চলে যায়। পরে বিকট শব্দ ও ধোঁয়া দেখে সেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা এ হামলার তীব্র নিন্দা জানান এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেন। এর সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

 

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।