বগুড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ ও আ.লীগের ২ নেতা গ্রেপ্তার
বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার সুঘাট ইউনিয়নের জয়রাজুয়ান বাজার ও গাড়িদহ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছামিদুল ইসলাম (৩০) এবং গাড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাহিদ উদ্দিন (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার তদন্তে ছামিদুল ইসলাম ও জাহিদ উদ্দিনের নাম উঠে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ছামিদুল ইসলাম উপজেলার সুঘাট ইউনিয়নের চক কল্যাণী এলাকার নুরুল আমিনের ছেলে। অন্যদিকে জাহিদ উদ্দিন গাড়িদহ ইউনিয়নের কাঞ্চনপুর এলাকার মৃত মাহতাব উদ্দিনের ছেলে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।