৫ ডিসেম্বর বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ ১৩:৩৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৪৪ বার।

আগামী ৫ ডিসেম্বর বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এ সফরে নতুন উপজেলা, পৌরসভা ও থানার কার্যক্রমের উদ্বোধন এবং বড় অবকাঠামো প্রকল্পের কাজের সূচনা করবেন প্রধানমন্ত্রী।

 

শুক্রবার সকালে মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোকামতলা হাইস্কুল মাঠে উপস্থিত হবেন। এ সময় নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

 

এ ছাড়া মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পের কাজেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। প্রতিমন্ত্রী বলেন, ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী এ সড়কের কাজের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।

 

মীর শাহে আলম বলেন, মোকামতলা ও আশপাশের এলাকার মানুষের জন্য এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ। নতুন উপজেলা, পৌরসভা ও থানা প্রতিষ্ঠার পাশাপাশি সড়ক যোগাযোগের উন্নয়ন হলে এলাকার মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সুবিধা হবে।