বগুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (২১ নভেম্বর) সকাল ও বিকেলে পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিশালপুর ও গাড়ীদহ ইউনিয়ন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রসুল (৪২) এবং গাড়ীদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মো. শাহাদত হোসেন (৪৫)।

 

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর শেরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯(৩), ১০, ১১ ও ১৩ ধারাসহ বিস্ফোরকদ্রব্য আইনের ৩, ৪ ও ৬ ধারায় একটি মামলা হয়। ওই মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গোলাম রসুলকে গ্রেপ্তার করা হয়। শনিবার বেলা ১১টার দিকে বিশালপুর ইউনিয়নের মান্দাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন।

 

অন্যদিকে, একই মামলার এজাহারভুক্ত ৩৯ নম্বর আসামি শাহাদত হোসেনকে শনিবার বিকেল সাড়ে চারটার দিকে গাড়ীদহ ইউনিয়নের জয়নগর হাটখোলাপাড়া গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

 

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

 

তিনি আরও জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে।