বগুড়ায় শিয়ালের আক্রমণে একদিনে ৮ জন আহত, রাতে লাঠি হাতে পাহারা

তৌহিদুল ইসলাম নিমন
প্রকাশ: ০১ মার্চ ২০২৬ ১৭:১২ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৯৪ বার।

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের কাজীপাড়া ও বলদিপালান গ্রামে শিয়ালের আক্রমণে একদিনে অন্তত আটজন আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত পৃথক সময়ে এ হামলার ঘটনা ঘটে। আতঙ্ক ছড়িয়ে পড়ায় রাতে গ্রামবাসী লাঠি হাতে পাহারায় নামেন।

রাত ১০টার দিকে কাজীপাড়া গ্রামের প্রবেশমুখে কয়েকজন যুবককে লাঠি হাতে পাহারা দিতে দেখা যায়। রাস্তার বিভিন্ন মোড়ে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ সতর্ক অবস্থানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে শিয়ালের ঝাঁপিয়ে পড়া ঠেকাতে নিজেদের উদ্যোগেই তারা এ প্রস্তুতি নেন।

আহতদের মধ্যে বলদিপালান গ্রামের জাহাঙ্গীর আলম (৪০), তার ছেলে আতিকুল (১৮), নারগিস আক্তার (৩৭), মকবুল হোসেন (৬০) এবং কাজীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক (৬০) রয়েছেন। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। গ্রামবাসীর ভাষ্য, শিয়ালটি হঠাৎ লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে কামড়াতে শুরু করে। দুটি গরুকেও কামড় দেওয়া হয়েছে।

ঘটনার পর শনিবার রাতেই গ্রামবাসী একত্র হয়ে শিয়াল নিধনে অভিযান চালান। এ সময় তাদের আঘাতে একটি শিয়াল মারা যায়।

কাজীপাড়া গ্রামের বাসিন্দা মোত্তাকিনুল ইসলাম ও আল আমিনসহ অন্তত ১০ জন জানান, রোববার দুই গ্রামের দুটি মসজিদে মাইকে ঘোষণা দিয়ে শিয়াল নিধনে আরও বড় পরিসরে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শিয়ালের কামড়ে আহতরা রোববার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (মোহাম্মদ আলী হাসপাতাল) গিয়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নেবেন বলে জানিয়েছেন।

মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে আক্রান্তদের দ্রুত হাসপাতালে গিয়ে টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।