বগুড়ায় তুচ্ছ ঘটনায় এক কিশোরকে ছুরিকাঘাতের অভিযোগ

শাজাহানপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ ১৮:০৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৮৪ বার।

বগুড়ার শাজাহানপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে মো. শাওন (১৯) নামের এক কিশোরকে বার্মিজ চাকু দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (৯ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথাইল চাপর পূর্বপাড়া কারিগরপাড়া এলাকায় একটি মুদিদোকানের সামনে এ ঘটনা ঘটে।

 

আহত শাওন ওই এলাকার দুলাল ফকিরের ছেলে এবং পেশায় একজন ট্রাকচালক। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

জানা যায়, সোমবার রাতে শাওন স্থানীয় একটি মুদিদোকানে বসে ছিলেন। এ সময় একই এলাকার বাসিন্দা সিফাত ও তাঁর সহযোগীরা সেখানে এসে শাওনকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। গালিগালাজ করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তিরা শাওনকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে সিফাত তাঁর পকেট থেকে বার্মিজ চাকু বের করে শাওনের পেটে আঘাত করার চেষ্টা করেন। লক্ষ্যভ্রষ্ট হয়ে চাকুটির আঘাতে শাওনের বাম পায়ের উরুতে গুরুতর জখম হয়। দ্বিতীয়বার আবারও পেটে আঘাত করতে গেলে শাওন হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন, এতে তাঁর বাম হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে যায়।

 

এ ঘটনায় শাওনের চাচা মুকুল জানান, তিনি নিজে বাদী হয়ে সিফাত (২০) নামের এক যুবকসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় এজাহার দায়ের করেছেন।

 

বাদীপক্ষের অভিযোগ, মারধরের সময় অভিযুক্ত ব্যক্তিরা শাওনের ব্যবহৃত একটি দামি মুঠোফোন ভাঙচুর করেন এবং তাঁর কাছে থাকা নগদ ৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন। পরে স্থানীয় লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান।

 

এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগ সাপেক্ষে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।