বগুড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার
বগুড়ার শেরপুরে মাদকাসক্ত ছেলের হাত থেকে রক্ষা পেতে এক মা তাঁর ছেলে সোহেল রানাকে (২৩) পুলিশের হাতে তুলে দিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত সোহেল রানাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা ওই গ্রামের বাসিন্দা।
শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। সাজা ঘোষণার পর থানা-পুলিশের মাধ্যমে সোহেল রানাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সোহেল রানার মা জোসনা খাতুন জানান, তাঁর ছেলে প্রায় তিন বছর ধরে বিভিন্ন ধরনের মাদক সেবনে আসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের মারধর করতেন এবং টাকা না পেলে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করতেন। মাদকাসক্ত ছেলের অত্যাচার থেকে রক্ষা পেতে তিনি বাধ্য হয়ে পুলিশের সহায়তা নেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী বলেন, সোহেল রানার মায়ের আবেদনের পর মঙ্গলবার সকালে তাকে মাদকাসক্ত অবস্থায় বাড়ির সামনে থেকে আটক করা হয়। নেশার টাকা না পেয়ে তিনি বাড়িতে ভাঙচুর করছিলেন বলেও পুলিশ প্রত্যক্ষ করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি মাদক সেবনের কথা স্বীকার করেন। এরপর আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।