বগুড়ায় জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া-৬ সদর আসনের আসন্ন উপ-নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রিয় সভাপতি ও জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ। প্রধান অতিথি বলেন, ১২ ফেব্রুয়ারি সারাদিন উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ করা হলেও রাত বাড়ার সাথে সাথে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চিত্র ফুটে ওঠে। শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নিয়ে নতুন এক কালো অধ্যায়ের সূচনা করলো নির্বাচন কমিশন। সাবেক অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা নির্বাচনে জামায়াতকে ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়ার কথা অকপটে স্বীকার করেছেন। তিনি বলেন, বগুড়া সদর আসনের উপনির্বাচনেও যাতে কোন রকম কারচুপি করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। কোনভাবেই বগুড়ার উপনিবাচনে মাগুরার পরিনতি যেন না হয় তার জন্য জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মিকে ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। তিনি নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনারা ১২ ফেব্রুয়ারি যেভাবে জনগণের ভোটাধিকারকে ডাকাতি করেছেন, আসন্ন উপনির্বাচনে সেরকম চিন্তা করবেন না। সেদিন পার পেলেও এবার জনগণ আপনাদের কোন রকম কারচুপি বা ইঞ্জিনিয়ারিং মেনে নিবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারি পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহসভাপতি গোলাম রব্বানী, জামায়াতের কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিনের নায়েবে আমির এডভোকেট হেলাল উদ্দিন, বগুড়া জেলা আমির মাওলানা আব্দুল হক সরকার, তরুণ জামায়াত নেতা নূর মোহাম্মদ আবু তাহের। নির্বাচন বিষয়ক কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ কারিগারি শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি ও আসন পরিচালক অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। প্রধান অতিথি পরে আইনজীবীদের ইফতার মাহফিলে যোগদান করেন।