বগুড়ায় সেই ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ মে ২০২৬ ১৮:৫৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ৬২ বার।

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ ১৮ দিনের ব্যবধানে ডাকাতি হওয়া মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। 

 

বুধবার (১৩ মে) সকালে বিশেষ অভিযান চালিয়ে বগুড়ার দুপচাঁচিয়া ও নন্দীগ্রাম উপজেলা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

 

জানা যায়, গত ২৬ এপ্রিল রাতে শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সুভজিৎ-এর বাড়িতে গভীর রাতে জানালার গ্রিল কেটে ডাকাত দলের সদস্যরা ঘরে প্রবেশ করে। ডাকাত দল বাড়ির সদস্যদের মারপিট করে স্বর্ণের চেইন, আংটি, কাঁসার থালা, বাটি, দামি কাপড়-চোপড় এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সুভজিৎ বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

 

গ্রেফতারকৃতরা হলেন—দুপচাঁচিয়া উপজেলার বানিয়া দিঘী চৌমহনী গ্রামের বাবু মিয়ার ছেলে মোঃ আকাশ (১৯), একই গ্রামের রহিম উদ্দিনের ছেলে রিমন হোসেন ওরফে তুহিন (১৭) এবং নন্দীগ্রাম উপজেলার বীরপল্লি উত্তরপাড়া গ্রামের শামছুল হকের ছেলে মজনু মিয়া (৪৬)। পুলিশ তাঁদের নিকট থেকে লুণ্ঠিত কাঁসার থালা, কাঁসার বাটি এবং নগদ অর্থ উদ্ধার করেছে।

 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের এই সদস্যদের মালামালসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।