বগুড়ায় চলাচলের রাস্তা দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া শহরের কলোনী লতিফপুর এলাকায় বিহারী ক্যাম্পে চলাচলের রাস্তা দখল করে বসতবাড়ি নির্মানের অভিযোগ উঠেছে বুলবুল নামের এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় ২০২৫ সালের মে মাসে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এলাকাবাসীর পক্ষে মোঃ শাজাহান আলী।
জানা যায়, বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ডের বাসিন্দা বুলবুল নামের এক ব্যাংক কর্মকর্তা চকফরিদ মৌজায় চার শতক জমি ক্রয় করলেও বাস্তবে ৮শতক জমির উপর বহুতল ভবন নির্মান করেছেন। এতে তিনি বিহারীদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত বিহারী ক্যাম্পের প্রায় ৩ শতক জায়গা জবর দখল করেছেন। এছাড়া জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত ৮ ফুট প্রশস্ত একটি সরকারি রাস্তার প্রায় ২ফুটের উপরে জোরপূর্বক দখল করে নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় এলাকাবাসীর চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। পরবর্তীতে ওই বছরের ৭ মে বগুড়া পৌরসভায় লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে গত ৭ মাস আগে বগুড়া পৌরসভা বিষয়টি সমাধান করে দিলেও পুন:রায় আবারও তারা পৌরসভার রায়কে অমান্য করে জোরপূর্বক দখল করে রেখেছে।
এলাকাবাসীর দাবি, জবরদখলকৃত বিহারী ক্যাম্প ও রাস্তার জায়গা থেকে অবৈধ দখলদার বুলবুলকে উচ্ছদ করতে হবে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এদিকে বুধবার (১৩ মে) ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহিনুর বেগম শানু ঘটনাস্থল পরিদর্শন করতে যান। এসময় তিনি বলেন, এলাকাবাসীর সকল অভিযোগের সত্যতা পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইব্রাহীম আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি বগুড়া পৌরসভা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তারা এটি গুরুত্বসহকারে দেখবেন।