বগুড়া শেরপুরে ভাটরা গ্রামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শেরপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৬ ১৯:৫৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার শেরপুর উপজেলার ভাটরা গ্রামে দায়ের হওয়া একটি মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার (২০ মে)দুপুরে ভাটরা ঈদগা মাঠ এলাকায় আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ভাটরা গ্রামের মোঃ আফসার আলী গত ১৬ মে শেরপুর থানায় , একই গ্রামের মেহেদী (৩০), সাবির (২০), মিনহাজুল (২৮), সাইফুল ইসলাম (৪৫), রাজিব মন্ডল (৫৫), এনামুল হক (২৫), জাকিরিয়া (২৫), শহিদুল ইসলাম (৩৫), ইসমাইল হোসেন (৩৫) ও আরজে (২৫)সহ অজ্ঞাত আরও কয়েকজনের নাম উল্লেখ করে শেরপুর থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলায় এলাকার নিরীহ ও সম্মানিত ব্যক্তিদের জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানির চেষ্টা করা হচ্ছে। ব্যক্তিগত বিরোধ ও স্বার্থ হাসিলের জন্য সাজানো ঘটনা উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, চাঁদাবাজির মত ঘটনা এ গ্রামে ঘটে নি। ঘটনার যে সময় ও স্থান উল্লেখ করা হয়েছে ওই সময়ও ওই স্থানে কেউই ঘটনার সময় মামলায় বর্ণিত আসামিরা এলাকায় উপস্থিত ছিলেন না। তারপরও প্রতিহিংসাবশত তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা এ ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রকৃত ঘটনা তদন্ত করে নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতেই আফসার আলী পরিকল্পিতভাবে এলাকার নিরীহ মানুষদের আসামি করে চাঁদাবাজি মামলা করেছে। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধের আহ্বান জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন।