বগুড়ায় শহীদ প্রফুল্ল চাকীর ভাস্কর্য সংস্কারের দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ মে ২০২৬ ২১:৫৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২ বার।

বগুড়ার শিবগঞ্জে ব্রিটিশবিরোধী আন্দোলনের মহান বিপ্লবী শহীদ প্রফুল্ল চাকীর ভাস্কর্য পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় ছাত্রশক্তি, শিবগঞ্জ উপজেলা শাখা।

 

বুধবার দুপুরে জেলা প্রশাসকের উদ্দেশে লেখা স্মারকলিপিটি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের কাছে জমা দেন সংগঠনের নেতারা।

 

স্মারকলিপিতে বলা হয়, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী ও শিবগঞ্জের কৃতি সন্তান শহীদ প্রফুল্ল চাকীর স্মৃতিরক্ষার্থে নির্মিত ভাস্কর্যটি দীর্ঘদিন ধরে অযত্ন ও সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। এতে ভাস্কর্যটির ঐতিহাসিক গুরুত্ব ও সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং নতুন প্রজন্ম তাঁর গৌরবময় ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা থেকে বঞ্চিত হচ্ছে।

 

এ অবস্থায় ভাস্কর্যটি দ্রুত পুনঃনির্মাণ, সংস্কার ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি আশপাশের পরিবেশ উন্নয়ন, আলোকসজ্জা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

 

জাতীয় ছাত্রশক্তি, শিবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোঃ সিহাব-উদ-দৌলা বলেন, শহীদ প্রফুল্ল চাকী শুধু শিবগঞ্জের নয়, তিনি পুরো জাতির গর্ব। তাঁর স্মৃতিকে সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। ভাস্কর্যটির বর্তমান অবস্থা অত্যন্ত দুঃখজনক। দ্রুত সংস্কার ও পুনঃনির্মাণের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তাঁর আত্মত্যাগ ও দেশপ্রেমের ইতিহাস তুলে ধরতে প্রশাসনের আন্তরিক উদ্যোগ প্রয়োজন।

 

স্মারকলিপিতে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসনের সদয় হস্তক্ষেপ কামনা করা হয়।