বগুড়ার নিখোঁজ কিশোরের মরদেহ মিলল ক্ষেতলালের ধানক্ষেতে
বগুড়ার শিবগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর নূর মোহাম্মদ ওরফে রাব্বি ওরফে সাদ্দাম (১৫) নামে এক কিশোরের মরদেহ জয়পুরহাটের ক্ষেতলাল থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের নসিরপুর এলাকার একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নূর মোহাম্মদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব গ্রামের খলিল প্রামাণিকের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অটোরিকশা নিয়ে চালানোর জন্য বাড়ি থেকে বের হন নূর মোহাম্মদ। রাতেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে শুক্রবার (২০ নভেম্বর) তাঁর বাবা শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর শনিবার সকালে ক্ষেতলালের নসিরপুর এলাকার একটি ধানক্ষেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ক্ষেতলাল থানার ডিউটি অফিসার এএসআই আবু বকর সিদ্দিক জানান, ময়নাতদন্ত শেষে নিহত কিশোরের মরদেহ তাঁর বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ক্ষেতলাল থানায় একটি মামলা হয়েছে। মামলাটি ১৯ নম্বর হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
তবে কী কারণে এবং কীভাবে ওই কিশোরের মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি।