বগুড়ায় মসলার দোকানে ধানের তুষ ও পঁচা মরিচ: দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ ১৭:৫১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার ফতেহ আলী বাজারে মসলা বিক্রির দোকানে ধানের তুষ ও নিম্নমানের পঁচা মরিচ সংরক্ষণের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ মার্চ ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বগুড়া জেলার ফতেহ আলী বাজারের ছাতা পট্টির গলিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, র‍্যাব-১২ ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযানকালে দোলন নামের একটি খুচরা মসলা বিক্রির দোকানে এক বস্তা ধানের তুষ এবং এক বস্তা পঁচা ও নিম্নমানের মরিচ সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এসব অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে দোকানের মালিক দোলনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় বগুড়া হলুদ মিলে ‘মৌরী হলুদ’ নামে নষ্ট ও নিম্নমানের হলুদ ভালো হলুদের সঙ্গে মিশ্রণের উদ্দেশ্যে সংরক্ষণ করতে দেখা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রোকনুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, অভিযুক্ত দুই প্রতিষ্ঠানের কোনো ধরনের লাইসেন্স ছিল না।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরকারের আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।